Home Blog Page 25

শক্তি পীঠ – মেলাই চন্ডী

শক্তি পীঠ – মেলাই চন্ডী

পন্ডিতজি ভৃগুশ্রী জাতক

আজকের একান্ন পীঠ পর্বে বাংলারই একটি তথাকথিত কম জনপ্রিয় কিন্তু অত্যান্ত জাগ্রত এবং তাৎপর্যপূর্ণ শক্তি পীঠ নিয়ে লিখবো ।

এই পীঠ সর্বজন স্বীকৃত নয় কারন পীঠ নির্ণয় তন্ত্রে এই পীঠকে শক্তিপীঠের মর্যাদা দেয়া হয়নি তবে অন্য কিছু প্রাচীন শাস্ত্রে মেলাই চন্ডীকে পীঠ হিসাবেই দেখানো হয়েছে|১৫৭৭ খ্রিস্টাব্দে রচিত কবিকঙ্কণ মুকুন্দরাম চক্রবর্তীর কাব্যে আমতার মেলাইচণ্ডীর উল্লেখ পাওয়া যায়।

এই প্রাচীন দেবী মন্দির ও তার পুজো কে কেন্দ্র করে এক কালে বিরাট মেলা বসতো এই অঞ্চলে এবং দেবী এখানে চন্ডী রূপে পূজিতা তাই বহু মানুষের মিলন স্থল এই চন্ডী মন্দির লোক মুখে হয়ে ওঠে মেলাইচন্ডীর মন্দির দেবী প্রসিদ্ধ হন মেলাই চন্ডী রূপে।

যারা বিশ্বাস করেন এটি শক্তিপীঠ তারা মনে করেন দেবী সতীর হাঁটুর মালাইচাকী পতিত হয়ে ছিলো এই স্থানে এবং সেই কারনেই এই পীঠ মালাই চন্ডী নামে পরিচিত|

প্রচলিত একটি জনশ্রুতি আছে যে দামোদর নদ দিয়ে যেসব সওদাগর যাতায়াত করতেন। তাঁরাই মেলাইচণ্ডীকে স্থাপন করেন নদীর তীরবর্তী অঞ্চলে। পরে জটাধারী চক্রবর্তী নামের এক ব্রাহ্মণ স্বপ্নাদেশ পেয়ে জয়ন্তী গ্রাম থেকে প্রস্তররূপী দেবীকে আমতায় নিয়ে আসেন এবং দেবীকে স্থাপন করেন।সেই অর্থে তিনিই এই মেলাই চন্ডী দেবীর প্রথম সাধক এবং প্রতিষ্ঠাতা।

পরবর্তীতে কলকাতার হাটখোলার নামকরা লবন ব্যবসায়ী কৃষ্ণচন্দ্র দত্ত স্বপ্নাদেশ পেয়ে মেলাইচণ্ডী মন্দির নতুন করে নির্মাণ করে দেন|বর্তমানে যে মন্দির দেখা যায় ১৩০৯ সালে সেই মন্দিরের সংস্কার হয়েছে।

মূল মন্দিরের মাঝখানে চাতাল ও উঁচু বেদিযুক্ত দুর্গা মণ্ডপ। একটু ঢুকে উপাসনা গৃহ|এই মন্দিরে দেবীর সম্পূর্ণ রূপ নেই। মুখ মন্ডল মালাইচাকির আদলে তৈরি হয়েছে।এখানে দেবীর বাহু এবং পদযুগল নেই।বিশেষ বিশেষ তিথিতে ঘট হিসেবেও দেবী মেলাই চন্ডীর পুজোর রীতি রয়েছে|

যদিও সতীর দেহের আসল প্রস্তুরীভূত মালাই চাকি ঠিক কোন স্থানে অবস্থান করছে সুস্পষ্ট ভাবে জানা যায়না।মূলত একটি গোলাকৃতি প্রস্তর খণ্ড এখানে পূজিতা হয় এবং মনে করা হয় এটি সেই আদি প্রস্তুরীভূত দেহখন্ড হতে পারে।

প্রতি বছর বুদ্ধ পূর্ণিমার দিন মালাই চন্ডীতে
প্রতিষ্ঠা দিবস পালন করা হয় এবং দুর্গোপুজার সময় এখানে মহোৎসব হয়। দেবী এখানে দুর্গা ও চণ্ডী উভয় রূপেই পুজিত হন। দেবীর সঙ্গে তার ভৈরবকেও নিষ্ঠা সহকারে পুজো করা হয় |
পুজো উপলক্ষে অসংখ্য মানুষের জমায়েত হয় এই পবিত্র মন্দির প্রাঙ্গনে|

আজকের শক্তি পীঠ পর্ব এখানেই শেষ করলাম|
দেখা হবে আগামী পর্বে। পড়তে থাকুন।
ভালো থাকুন। ধন্যবাদ।

শক্তি পীঠ – নন্দীকেশ্বরী

শক্তি পীঠ – নন্দীকেশ্বরী

 

পন্ডিতজি ভৃগুশ্রী জাতক

 

আজকের শক্তিপীঠ নন্দীকেশ্বরী।

তন্ত্রচূড়ামণিতে নন্দিকেশ্বরীকে মূল পীঠ হিসাবে স্বীকৃতি দেয়া হয়েছে।বীরভূমের পাঁচটি সতীপীঠের অন্যতম সাঁইথিয়ার দেবী নন্দিকেশ্বরী।

 

বিশাল এক বটবৃক্ষ ছাতার মতো ঘিরে রেখেছে নন্দীকেশ্বর মন্দির অঙ্গনটি। এই বটবৃক্ষের নীচেই দেবী নন্দিকেশ্বরীর অবস্থান। ভৈরব এখানে নন্দিকেশ্বর। পুরান অনুসারে এখানে দেবী সতীর কণ্ঠহাড় পতিত হয়েছিলো।

 

শোনা যায় জনৈক দাতারাম ঘোষ নামে দক্ষিণেশ্বরের বাসিন্দা ভাগ্য অন্বেষণে বীরভূমে আসেন এক ব্রিটিশ দের সাথে ব্যবসা করে বহু অর্থ রোজগার করেন পরে দেওয়ান হন এবং শেষে জমিদার হয়েছিলেন।দেবী নিজেই স্বপ্ন দিয়ে তাঁর অবস্থানের কথা জানিয়েছিলেন এই দাতারাম ঘোষকে।তিনি মন্দির তৈরী করে পুজোর ব্যবস্থা করে দিয়েছিলেন।

 

বহু বছর আগে সাঁইথিয়া ছিলো নন্দীপুর। অর্থাৎ দেবী নন্দীকেশ্বরীর নামেই এলাকার নাম ছিলো।

যদিও এখন সাঁইথিয়া নামই ব্যবহার হয়।

 

শক্তি পীঠ হলেও রথ যাত্রা এখানে অন্যতম জনপ্রিয় উৎসব। স্থানীয় ব্যবসায়ী দের উদ্যোগে মন্দির প্রাঙ্গণে শুরু হয় রথযাত্রা উৎসব। পুরী থেকে জগন্নাথ, সুভদ্রা, বলরামের দারুমূর্তি আনা হয়। সেই মূর্তি অভিষেক পর্বের মাধ্যমে নন্দিকেশ্বরী মন্দিরের প্রবেশপথের পাশেই প্রতিষ্ঠা করা হয়। তৈরি করা হয় বিশালাকৃতি রথ এবং জগন্নাথদেবের মন্দির।অমাবস্যা তিথি গুলি ছাড়াও রথের সময় এখান ব্যাপক জন

সমাগম হয়।

 

নন্দীকেশ্বরী মন্দির প্রাঙ্গনে মহাসরস্বতী, মহালক্ষ্মী, বিষ্ণুলক্ষ্মী, হনুমান মন্দির, জগন্নাথদেবের মন্দির, কালীয়দমন মন্দির আছে। এগুলির মধ্যে কালীয়দমন মন্দিরটি প্রাচীনতম বলে মনে করা হয়।।সব মিলিয়ে নন্দীকেশ্বরী শক্তি পীঠ বীরভূমের অন্যতম দর্শনীয় স্থান।

 

ফিরে আসবো আগামী পর্বে শক্তি পীঠের

পরবর্তী পর্ব নিয়ে। পড়তে থাকুন।

ভালো থাকুন। ধন্যবাদ।

শক্তি পীঠ – প্রভাস

শক্তি পীঠ – প্রভাস

 

পন্ডিতজি ভৃগুশ্রী জাতক

 

একান্ন পীঠের অন্যতম শক্তি পীঠ প্রভাস গুজরাটের সৌরাষ্ট্র অঞ্চলের সোমনাথ জেলায় অবস্থিত।সতীর পাকস্থলী অথবা উদারভাগ এই স্থানে পতিত হয়েছিল।প্রভাস শক্তিপীঠে অধিষ্ঠিত দেবী হলেন চন্দ্রভাগা এবং ভৈরব হলেন বক্রতুণ্ড।

 

বর্তমানে সোমনাথ মন্দির থেকে কিছুটা দূরে প্রভাস শক্তি পীঠ বা চন্দ্রভাগা দেবীর এই মন্দিরটি অবস্থিত। সেই পৌরাণিক কালের ধ্বংস হয়ে যাওয়া মন্দিরটির রুপই এখনও বর্তমান।

পাথরের তৈরি এই মন্দিরের গায়ে বিভিন্ন দেবতার মূর্তি খোদাই করা আছে। সঠিক কোন সময়ে এই মন্দিরটি নির্মাণ করা হয়েছিল তার কোন ঐতিহাসিক তথ্য আজও পর্যন্ত পাওয়া যায়নি।

তবে ঐতিহাসিক তথ্য মতে চন্দ্রভাগা দশভুজা সিংহ বাহনা রূপে রানী অহল্যা বাইকে স্বপ্নে আদেশ দিয়ে বলেন যে, ভূগর্ভে চাপা পড়া সতীর অঙ্গ উদ্ধার করে মন্দির সংস্কার করে পুজো শুরু করতে ।এরপরই দেবীর স্বপ্নের আদেশ মতো অহল্যা বাই সেই অঙ্গশিলা উদ্ধার করে দেবীর মন্দির সংস্কার করে নিত্যদিনের পুজোর আয়োজন করেন।সেই সময় থেকেই প্রভাস শক্তিপীঠের জনপ্রিয়তা সারা দেশে ছড়িয়ে পড়ে।দেবী চন্দ্র ভাগা কে দেবী উমা নামেও ডাকেন

তার ভক্তরা।

 

স্কন্দ পুরান অনুসারে সোমনাথ মন্দির নির্মাণ করেন স্বয়ং চন্দ্রদেব।শিবরাত্রি এবং কার্তিক

পূর্ণিমার সময় সোমনাথ মন্দিরে ভিড় হওয়ার দরুন এখানেও ভিড় হয়। তবে নবরাত্রির সময় এখানে প্রচুর পরিমাণে ভক্তদের সমাগম দেখা যায়।

 

আপাতত প্রভাস শক্তি পীঠ নিয়ে আলোচনা এখানেই শেষ করছি।ফিরে আসবো পরবর্তী শক্তিপীঠ নিয়ে আগামী পর্বে। পড়তে থাকুন।

ভালো থাকুন। ধন্যবাদ।

শক্তি পীঠ – দেবী শিবানী

শক্তি পীঠ – দেবী শিবানী

পন্ডিতজি ভৃগুশ্রী জাতক

মধ্যপ্রদেশের নাগ পুরের কাছে রামগিরিতে চিত্রকুট পর্বতে অবস্থিত শক্তি পীঠ শিবানী।
আজকের শক্তি পীঠ পর্বে শিবানী নিয়ে লিখবো।

ভরতচন্দ্রের অন্নদা মঙ্গল, বাল্মীকি রামায়ণ,কালীকা পুরানে সহ একাধিক প্রাচীন
গ্রন্থে এই শক্তি পিঠের উল্লেখ আছে।

পুরান অনুসারে এই স্থানে সতীর ডান বক্ষ পড়েছিল।আবার মতান্তরে এই স্থানে পড়েছিলো দেবীর জানু দেশ।এখানে অধিষ্ঠিত দেবীর নাম শিবানী এবং ভৈরব হলেন চন্ড।

রামায়কের কালে রাম, সীতা এবং লক্ষণ যখন তাদের চোদ্দ বছরের বনবাস কাটাচ্ছিলেন, তার মধ্যে সাড়ে এগারো বছর সময় অতিবাহিত করে ফেলেছিলেন এই শক্তি পীঠ সংলগ্ন চিত্রকূট পাহাড়ে।

আবার মহাভারতের সময়ে শ্রীকৃষ্ণের নির্দেশে অর্জুন রামগিরি পর্বতে এসে সাধনা করেছিলেন এবং দেবী যোগ মায়া তাকে দেখা দিয়ে নিজের দিব্য শীলরূপটি কোথায় আছে তার নির্দেশ দেন। তারপর অর্জুন নিজে মাটি খুঁড়ে মাতা শিবানীকে শীলা রূপে উদ্ধার করে এই স্থানে মন্দির বানিয়ে স্থাপন করেন এবং তার অনুপস্থিতি তে স্থানীয় ফুলবাহক দের দেবীর নিত্য পুজোর আদেশ দেন।

এক সময় এই প্রাচীন মন্দির কালের নিয়মে
ধ্বংস হলে রাজা দ্বিতীয় রঘুজি ভোসলে নতুন ভাবে দেবী শিবানীর মন্দির বানিয়ে দেন।

বর্তমানে সাদা পাথরের তৈরি এই মন্দিরে দেবী শিবানীর শীলা রূপ টি কষ্টি পাথর এবং রুপো দিয়ে ঢাকা তার পাশাপাশি বহু দেবদেবীর মূর্তি খোদাই করা আছে। অনেকগুলি সিঁড়ি পেরিয়ে তারপরে একেবারে মন্দিরের প্রধান ফটকে উঠে আসতে হয়। তারপর এই মন্দিরের মূল অংশ শুরু হয়।
যাত্রাপথ বেশ দুর্গম এবং কষ্টসাধ্য।

অশ্বিন ও চৈত্র মাসের একটি বিশেষ সময়ে এখানে বিশেষ পুজো হয় এবং সেই সময়ে মায়ের প্রকৃত রূপ ভক্তরা দেখতে পান।

আবার ফিরে আসবো আগামী পর্বে।সাথে নিয়ে অন্য এক শক্তি পীঠের কথা। পড়তে থাকুন।
ভালো থাকুন।ধন্যবাদ।

মা সারদার জন্মতিথিতে শ্রদ্ধাঞ্জলি

মা সারদার জন্মতিথিতে শ্রদ্ধাঞ্জলি

 

পন্ডিতজি ভৃগুশ্রী জাতক

 

আজকের দিনটি রামকৃষ্ণ ও মা সারদার অনুরাগী দের কাছে একটি স্মরণীয় দিন, আজ দেবী সারদার তিথি|আজ মা সারদার ব্যাক্তিত্বের একটি বিশেষ দিক আলোচনা করে তাকে শ্রদ্ধা জানাবো,তার দিব্য চরনে আমার প্রনাম নিবেদন করবো।

 

একবার মা তার ভক্ত আমজাদকে নিজের হাতে খেতে দিয়েছিলেন, এমনকী খাওয়া শেষে এঁটো থালা পরিষ্কার করতেও তাঁর কোনও দ্বিধা ছিল না। আমজাদের পরিচয় সম্পর্কে মাকে মনে করিয়ে দেওয়ায় তিনি বলেছিলেন, ‘আমার শরৎ যেমন ছেলে, ওই আমজাদও তেমন ছেলে’, এখানে শরৎ, অর্থাৎ পরবর্তী কালে স্বামী সারদানন্দ মহারাজ।এই সামান্য ঘটনাটির তাৎপর্য মোটেও সাধারণ নয়। আজকের এই জটিল আর্থ-সামাজিক দুনিয়ায়, যেখানে অসহিষ্ণুতার একটা বিষময় বাতাবরণ, সেখানে মা সারদার এই সহজ অভিব্যক্তিটা খুব বেশি প্রাসঙ্গিক বলে মনে করি। আজও আমরা সর্বস্তরে জাতপাতের সীমানা লঙ্ঘন করতে পারছি না। আমরা সবাই এক এবং অভিন্ন, এই শাশ্বত বোধ আমাদের সবার মধ্যে আসছে না|কিন্তু পথ দেখাতে পারেন মা সারদা ও তার ত্যাগ এবং আদর্শ যিনি সেই যুগে দাঁড়িয়ে প্রকৃত সমাজসেবী হিসেবে এক বৈপ্লবিক সিদ্ধান্ত ঘোষণা করে দিয়েছিলেন, ভেঙে দিতে চেয়েছিলেন, ‘আমরা ওরা’র বন্ধন।মা সারদা প্রকৃত অর্থেই হয়ে উঠেছিলেন সৎ এর ও মা আবার অসৎ এর ও মা|

তার কাছে নরেন ও যা রঘু ডাকাত ও তাই|

 

প্রতিটি মানুষকে নিজের মধ্যে দেবতাজ্ঞানে গ্রহণ করতেন। সাড়া দিয়েছেন সবার ডাকে, এমনকী পশুপাখিদেরও সন্তানস্নেহে আপ্লুত করেছেন। তার অলৌকিক সত্ত্বা ভক্তদের থেকে আড়ালে থাকতো।

 

এক বার এক সহজ সরল ভক্ত নিজেকে সংযত করে রাখতে না পেরে মাকে সরাসরি প্রশ্ন করলেন, মা, আপনি কি সাক্ষাৎ মা কালী? সারদা দেবী মৃদু হেসে বলেছিলেন – ওই, লোকে বলে কালী’!

 

ভক্তদের কাছে মা সারদা ছিলেন সাক্ষাৎ জগৎজননী। ঠাকুর রামকৃষ্ণর যদি অবতার হন তাহলে মা সারদা ছিলেন ভগবানের লীলা সঙ্গিনী।

 

আজ জন্মতিথিতে বিশ্ব জননী, সংঘ জননী মা সারদার চরনে আমার শত কোটি প্রনাম এবং শ্রদ্ধাঞ্জলি।জয় মা সারদা।

শক্তি পীঠ – দেবী বহুলা 

শক্তি পীঠ – দেবী বহুলা

 

পন্ডিতজি ভৃগুশ্রী জাতক

 

আজ আপনাদের একটি রহস্যময় শক্তি পীঠের কথা বলবো যা বাহুলা বা বহুলা নামে পরিচিত।

পীঠনির্ণয় তন্ত্রে এবং শিবচরিত গ্ৰন্থে এই পীঠের কথা উল্লেখ করা হয়েছে।

 

পীঠনির্ণয়তন্ত্র অনুসারে কেতুগ্রামে ভগবান বিষ্ণুর সুদর্শন চক্র দ্বারা খণ্ডিত খন্ডিত সতীর বাম বাহু পতিত হয়।সেই স্থানে দেবী বহুলা মন্দিরটি গড়ে ওঠে।কেতুগ্ৰামের ভিতরে অজয় নদীর তীরে অবস্থিত মায়ের ধামটি।এই পীঠে দেবীর ভৈরবের নাম ভীরুক বা ভূতনাথ।

 

রায়গুণাকর কবি  ভারতচন্দ্র রায় অন্নদামঙ্গল কাব্যে লিখেছেন:

 

–“বহুলায় বামবাহু ফেলিল কেশব।বহুলা চন্ডিকা তায় ভীরুক ভৈরব।”

 

এককালে দেবী বহুলার নামেই ছিলো এই এলাকার নাম। পরে রাজা চন্দ্রকেতুর নাম অনুসারে হয় কেতুগ্রাম।

 

দেবী বহুলা চন্ডীরর এক রূপ এবং তিনি এই গ্রামের আরাধ্যা দেবী।এই কেতুগ্ৰামে অজয় নদের তীরে দেবীর প্রথম মন্দির কবে তৈরী হয় এবং কে তৈরী করেন তার কোনো সঠিক তথ্য পাওয়া যায়না তবে আধুনিক সময়ে নতুন করে দেবীমন্দির ও নাট মন্দির সংস্কার করা হয়েছে। নতুন মন্দিরে আছে কষ্টিপাথরে নির্মিত দেবী বহুলার প্রাচীন মূর্তিটি। এখানে দেবীর ডানপাশে অষ্টভুজ গনেশ। সম্ভবতঃ রাজা চন্দ্রকেতুই কার্তিক এবং গণেশসহ দেবীর পাথর মূর্তি প্রতিষ্ঠা করেছিলেন।

এই অষ্টভুজ গণেশ মূর্তি সারা ভারতে মোট চারটি মন্দিরে রয়েছে।দেবীর অন্য দিকে রয়েছেন তাঁর পুত্র কার্তিক। প্রতিদিন মাকে অন্নভোগ নিবেদন করা হয়।দেবীর মন্দিরের ঠিক পাশে রয়েছে একটি পুকুর। বহু ভক্তের বিশ্বাস, এই পুকুরে স্নান করলে পুন্য লাভ হয় এবং মনের বাসনা পূর্ণ হয়।

 

বহুলা কে বলা হয় যুগ্ম পীঠ কারন প্রায় পাশাপাশি রয়েছে আরো একটি শক্তি পীঠ। শাস্ত্র মতে এখানে দেবীর ডান কনুই পড়েছিল। এই স্থানটির অপর নাম রণখণ্ড। দেবীর নাম বহুলাক্ষী। এবং দেবীর ভৈরব হলেন মহাকাল শিব।

 

এই পীঠ সম্পর্কে বহু অলৌকিক ঘটনার উল্লেখ পাওয়া যায় অনেকের মতে এখানে নাকি রাত দুপুরে দেবীর নূপুরের শব্দ শোনা যায়। বহু তন্ত্রসাধকদের আগমন ঘটে এই সতীপীঠে। মূর্তি ছাড়াই মা’কে পুজো করা হয় কালিকা পুরাণে রচিত দেবীর বীজমন্ত্র সহ। বহু বছর ধরে এই যুগ্ম পীঠে আদ্যা শক্তি মহামায়া মা কালী এবং মা দুর্গা রূপেই পূজিতা হয়ে আসছেন।

 

ফিরে আসবো আগামী পর্বে।অন্য একটি

শক্তি পীঠের কথা নিয়ে। পড়তে থাকুন।

ভালো থাকুন। ধন্যবাদ।

শক্তি পীঠ – প্রয়াগ 

  • শক্তি পীঠ – প্রয়াগ

 

পন্ডিতজি ভৃগুশ্রী জাতক

 

প্রয়াগে গঙ্গা, যমুনা এবং সরস্বতী নদীর মিলন স্থলে অবস্থিত শক্তিপীঠ প্রয়াগ শক্তিপীঠ নামেই বিখ্যাত।সারা দেশের বিভিন্ন প্রান্তে অবস্থিত একান্ন

পীঠের অন্যতম শক্তি এটি।

 

পুরান অনুসারে এখানে সতীর হাতের দশটি আঙুল পতিত হয়েছিল। এখানে অধিষ্ঠিত দেবীকে অলোপি মাতা বা ললিতা রূপে পুজো করা হয়।

অলোপী কথার অর্থ হল লুপ্ত না হওয়া।সতীর দেহ যখন বিষ্ণুর সুদর্শন চক্রের আঘাতে খন্ড-বিখন্ড হয়ে যাওয়ার পরেও দেবীর অস্তিত্ব রক্ষিত ছিল তার দেহ খণ্ড গুলির মধ্যেই। তাই লুপ্ত হয়ে লোপ না পাওয়ায় দেবীর নাম হয় অলোপি।

দেবীর ভৈরব হলেন ভব যিনি অনেকের কাছে বেনীমাধব।

 

পুরান মতে সত্য যুগে ভন্ডাসুর নামে এক অসুর শিবের বর পেয়ে দেবতাদের হেনস্থা করতে শুরু করে।স্বর্গ অধিকার করে নেয়ার উপক্রম দেখা দিলে ইন্দ্র এবং আরও অন্যান্য দেবতারা যজ্ঞের মাধ্যমে মহাশক্তির জাগরণ ঘটান।তখনই যজ্ঞের আগুন থেকে রক্ত বস্ত্র পরিহিতা চতুর্ভূজা দেবী ললিতার আবির্ভাব ঘটে। ভন্ডাসুর এর সঙ্গে যুদ্ধ করে সর্বলোক পুনরায় অসুর মুক্ত করে দেন।

দেবীর সেই ললিতা রূপেই এই শক্তিপীঠে

পূজিতা হন।

 

প্রাচীনকালে এই ত্রিবেণী সঙ্গম অঞ্চল ঘন বন জঙ্গলে ঢাকা ছিল, আর সেই সব ঘন জঙ্গলে থাকতো দুর্ধর্ষ সব ডাকাত। জঙ্গলের মধ্যে দিয়ে যখনই কোন বিবাহ যাত্রীর দল যেত, ডাকাতরা তাদেরকে আটক করে সর্বস্ব লুট করে নিত।

সেই সময়ে দেবী ললিতা রূপে এই অঞ্চলের রক্ষাকত্রী রূপে দেখা দেন।

 

প্রয়াগ শক্তিপীঠে মূলত তিনটি মন্দির আছে, অক্ষয়বট, মীরাপুর এবং অলোপি।

এই মন্দিরের বিশেষত্ব হলো এখানে একটি পালকিকে দেবী রূপে পূজা করা হয়।তার একটি কারন হলো দেবী পালকিতে করে নববধূ রূপে এখানে আবীরভূতা হয়েছিলেন বলে মনে করা হয়।

 

যদিও পালকির পাশাপাশি দেবীর নব দুর্গা রূপের পুজোও হয় দেবীর বেদির নিচে একটি গর্ত তে জল আছে। মনে করা হয় যে, এই জল আসলে স্বয়ং মা গঙ্গার। অক্ষয় বটের নিচে দেবীর

ভৈরবের মন্দির রয়েছে।

 

প্রয়াগ এই জায়গাটি সাধারণভাবে কুম্ভ মেলার জন্য বিখ্যাত হলেও প্রয়াগ শক্তি পীঠে নবরাত্রি উৎসব খুবই জাঁকজমকপূর্ণ ভাবে পালন করা হয়।নবরাত্রীর সময় এখানে প্রচুর লোক জমা হয়, নিয়ম মত নারকেল ফাটিয়ে নারকেলের জল দেবীকে অর্পণ করে অর্ধেক নারকেল মন্দিরের সমর্পণ করেন ভক্তরা।

 

ফিরে আসবো আগামী পর্বে অন্য একটি শক্তিপীঠের কথা নিয়ে।পড়তে থাকুন।

ভালো থাকুন। ধন্যবাদ।

শক্তি পীঠ – বরাহী দেবী

শক্তি পীঠ – বরাহী দেবী

 

পন্ডিতজি ভৃগুশ্রী জাতক

 

আজ শক্তি পীঠ বারাহী বা বরাহী নিয়ে লিখবো। পীঠ নির্ণয় তন্ত্র মতে এটি চৌত্রিশ

তম সতী পীঠ।দেবীর ভৈরব হলেন মহারুদ্র।

 

পুরান অনুসারে দেবী সতীর নিচের পাটির দাঁত

সমুহ পরে ছিলো হরিদ্বার এর কাছে

পঞ্চসাগরে এই সতী পীঠে।

 

সনাতন ধর্মে যে সাত আট জন মাতৃ দেবীর কল্পনা করা হয়, তার মধ্যে দেবী বরাহী হলেন অন্যতম। দেবীর রূপ শূকরের মত। তার এক হাতে রয়েছে চক্র এবং অন্য আরেক হাতে রয়েছে তলোয়ার।

 

পুরান , মহাভারত সহ একাধিক শাস্ত্রে এই পীঠের উল্লেখ আছে।পুরান মতে নিশাচর নামে এক দৈত্যকে হত্যার জন্য স্বয়ং বিষ্ণু বরাহী কে সৃষ্টি করেছিলেন।বরাহী হলেন বিষ্ণুর নারী শক্তি।

 

এই পীঠ বহুকাল অজ্ঞাত ছিলো তারপর মহাভারতের যুগে পান্ডবরা যখন বনবাসে দিন কাটাচ্ছিলেন তখন গভীর এবং দুর্গম স্থানে এই দেবীর পীঠ স্থান সন্ধান করেছিলেন কুন্তী পুত্র ভীম। তিনি সেই গভীর জঙ্গলে মা বরাহীর তপস্যা করলেন, মা বরাহী ভীমকে দর্শন দিলেন এবং তাকে রক্ষা করার আশীর্বাদ দিলেন।

 

তারপর মহাভারত পরবর্তী সময়ে আবার এই সতী পীঠ লোক চক্ষুর অন্তরালে চলে যায়। দেশ স্বাধীন হওয়ার কিছুকাল পরে সালে জনৈক প্রভুচন্দ্র নামের একজন মাতৃ সাধক মায়ের এই পীঠ স্থান আবিষ্কার ও সংস্কার করেন।আবার এই সতী পীঠ সবার কাছে জনপ্রিয়তা লাভ করে এবং বহু তীর্থ যাত্রী আসতে শুরু করেন।

 

অনেকে আবার মনে করেন বৌদ্ধ দেবতা বজ্র বারাহি ও মরিচির মিশ্রনে এই বরাহী দেবী

সৃষ্টি হয়েছেন। দেবী বরাহীকে অনেক জায়গায় মহিষবাহনা হিসেবেও দেখানো হয়

আবার রক্ত বীজের কাহিনীতে দেখা যায় যে, একটি মৃতদেহের উপর বসে শূকরের বেশ ধরে দাঁত দিয়ে বরাহী দেবী শত্রু নিধন করছেন।

 

সনাতন এবং বৌদ্ধ ধর্মে বহু জটিল রহস্য

জড়িয়ে আছে দেবী বরাহীর সাথে।

ফিরে আসবো আগামী পর্বে অন্য একটি

শক্তি পীঠ এবং তার ইতিহাস নিয়ে।

পড়তে থাকুন।ভালো থাকুন। ধন্যবাদ।

শক্তি পীঠ – বক্রেশ্বর

শক্তি পীঠ – বক্রেশ্বর

 

পন্ডিতজি ভৃগুশ্রী জাতক

 

আজ শক্তিপীঠ বক্রেশ্বর নিয়ে লিখবো।

পীঠমালা, কালিকাপুরাণ ও তন্ত্রচূড়ামণি গ্রন্থে বক্রেশ্বরের উল্লেখ আছে।

 

এই শক্তিপীঠে সতীর ভ্রুসন্ধি বা মনঃস্থান পড়েছিল বলে, ভারতবর্ষের একান্ন পীঠের মধ্যে বক্রেশ্বরকে মহাপীঠ হিসেবে গণ্য করা হয়। তন্ত্রের ভাষায় ওই মনঃস্থানকে আজ্ঞাচক্র বলে।বক্রেশ্বরে দেবীর ভৈরব হলেন বক্রনাথ এবং দেবী এখানে মহিষ মর্দিনী রূপে পূজিতা হন।

 

বক্রেশ্বরের সঙ্গে জড়িয়ে ঋষি অষ্টাবক্রের কাহিনি। কথিত আছে, অষ্টাবক্র মুনি প্রথমে কাশীতে উপাসনার সংকল্প নেন। কিন্তু কাশীর বিশ্বনাথ স্বয়ং তাঁকে গৌড়দেশের গুপ্তকাশী বক্রেশ্বরে গিয়ে সাধনা করতে বলেন।

 

আজ থেকে পাঁচশো বছর আগে বক্রেশ্বর ছিল ঘন জঙ্গলে ঘেরা নির্জন ভূমি। চৈতন্য ভাগবতে তার প্রমাণ মেলে। কাটোয়ায় সন্ন্যাস গ্রহণের পর মহাপ্রভু শ্রীচৈতন্য বলেছিলেন, ‘বক্রেশ্বর আছেন যে বনে, তথায় যাইনু মুঁঞ্চি থাকিমু নির্জনে।’ সেই সময়টায় তান্ত্রিক, ভৈরবী, অঘোরপন্থীদের দাপট ছিল বক্রেশ্বরে।

 

পৌরাণিক ও ঐতিহাসিক তথ্যের নিরিখে আজকের বক্রনাথের মন্দির সাতশো বছরের বেশি পুরনো। নির্মাণ করিয়েছিলেন রাজা নরসিংহ দেব। বাংলায় সুলতানি শাসনে মন্দির ক্ষতিগ্রস্ত হওয়ার পর রাজা দর্পনারায়ণ সতেরোশো একষট্টি খ্রিস্টাব্দে তা সংস্কার করেন।

 

মহাপীঠ বক্রেশ্বরকে বেষ্টন করে রয়েছে সাতটি উষ্ণ প্রস্রবণ এবং একটি শীতল জলের কুণ্ড। মাটির নিচ থেকে জলের নিরন্তর বিচ্ছুরণ হয়ে চলেছে অলৌকিক ভাবে যা এখানে আসা পর্যটক এবং তীর্থ যাত্রীদের কাছে অন্যতম আকর্ষণ।

 

বক্রনাথের মন্দিরে ভগবানের চেয়েও উচ্চাসনে রয়েছেন তাঁর ভক্ত। গর্ভৃগৃহে পিতলের ধাতু মণ্ডিত উঁচু যে শিলা রয়েছে তা অষ্টাবক্র মুনির। এর ঠিক পাশেই কিছুটা নিচে বক্রেশ্বর মহাদেবের ছোট শিলা।

 

দেবীমন্দিরে বেদীর ওপরে ভ্রুসন্ধির প্রস্তুরীভূত রূপটি রক্ষিত আছে। জনশ্রুতি আছে যে খাকি খাকিবাবা নামে খ্যাত এক সিদ্ধ সন্ন্যাসী শাস্ত্র মতে বহু যুগ আগে বেদীতে এটির প্রতিষ্ঠা করেন।

 

প্রায় প্রত্যেক অমাবস্যায় এই বক্রেশ্বর পীঠে অসংখ্য দর্শণার্থী আসেন। তন্ত্র মতে পুজো এবং হোম যজ্ঞ হয়।

 

পরবর্তী শক্তিপীঠ নিয়ে ফিরে আসবো আগামী পর্বে। পড়তে থাকুন।ভালো থাকুন। ধন্যবাদ।

শক্তিপীঠ – শোনদেশ

শক্তিপীঠ – শোনদেশ

পন্ডিতজি ভৃগুশ্রী জাতক

আজকের পর্বে লিখবো একান্নপীঠ শোনদেশ নিয়ে।পুরান অনুসারে এখানে দেবী সতীর ডান নিতম্ব পড়েছিল। এই শক্তি পীঠে নর্মদা রূপে বিরাজ করছেন। দেবীর ভৈরব হলেন ভদ্রসেন।
দেবীর মন্দিরটি মধ্যপ্রদেশের অমরকন্টকে অবস্থিত।

মহাভারতের বনপর্বে এই পীঠের উল্লেখ আছে।
ঋষি পুলস্থ রাজা যুধিষ্টিরকে বলেছিলেন এই পবিত্র স্থানে নর্মদা নদীতে স্নান করলে অশ্বমেধ যজ্ঞের ফল লাভ হয়।আজও বিশ্বাস করা হয় যে অমরকন্টক এই জায়গাটিতে দেবতাদের বাসস্থান তাই এখানে যার মৃত্যু হবে সে সরাসরি বৈকুণ্ঠ যাত্রা করবে।

পুরানে মতে মহাদেব যখন ত্রিপুর অর্থাৎ তিনটি প্রাচীন নগরীকে আগুন দিয়ে পুড়িয়ে ভষ্মিভূত করেছিলেন সেই সময় কিছু ভস্ম অথবা ছাই পড়েছিল কৈলাসে। কিছুটা পড়েছিল অমর কণ্ঠকে আর কিছুটা ছাই মহাদেব নিজে স্বর্গে সঞ্চিত রেখেছিলেন। এছাড়াও মনে করা হয় যে, যে ভস্ম অর্থাৎ ছাই অমর কন্ঠকে পড়েছিল তা থেকে পরে কোটি কোটি শিবলিঙ্গ সৃষ্টি হয়েছে।তাই এই পীঠটি একাধারে শক্তি পীঠ আবার শৈব্য তীর্থ।

শোন্দেশ শক্তি পীঠ তথা নর্মদা মন্দিরটি আজ থেকে আনুমানিক প্রায় ছয় হাজার বছর আগে নির্মাণ করা হয়েছিল। মন্দিরের ভিতরের বেদীতে দেবী বিরাজ করছেন। সুন্দর এই বেদীটি রূপা দিয়ে তৈরি।

প্রাচীন কালে তৈরী এই মন্দিরের কারুকার্য এবং ভাস্কর্য আজও বিস্ময় জাগায়।মন্দিরের চারপাশে ছোট ছোট আরও অনেকগুলি পুষ্করিণী অথবা পুকুর আছে।মন্দিরের পাশ দিয়ে বয়ে গেছে নর্মদা নদী এবং কাছেই বিন্ধ্য পর্বত আর সাতপুরা পর্বত একসাথে মিশেছে।সব মিলিয়ে ওই শক্তি পীঠ সংলগ্ন প্রাকৃতিক পরিবেশ অতি মনোরম।

এই মন্দিরের পাশেই রয়েছে মাঈ কি বাগিয়া অর্থাৎ দেবী মায়ের বাগান। জনশ্রুতি আছে যে এই বাগানে নাকি দেবী নর্মদা নিত্য লীলা করেন এবং নিয়মিত ফুল তুলতে আসেন।

শোনদেশ শক্তি পীঠে সারা বছরই পূজা হয়
এবং প্রতিদিন ভক্তদের ভিড় লেগে থাকে।
তাছাড়া এই শক্তিপীঠ মহাশিবরাত্রি পালনের জন্য খুবই বিখ্যাত।

আগামী পর্বে আবার ফিরে আসবো অন্য একটি শক্তি পীঠের কথা নিয়ে। পড়তে থাকুন।
ভালো থাকুন। ধন্যবাদ।