গুজরাট ভ্রমণে পন্ডিতজি : চতুর্থ পর্ব

4

গুজরাট ভ্রমণে পন্ডিতজি

চতুর্থ পর্ব

পন্ডিতজি ভৃগুশ্রী জাতক

একজন বাঙালি হিসেবে বরাবরই গর্ব ছিলো যে বাংলায় যে প্রাকৃতিক বৈচিত্র আছে অর্থাৎ পাহাড় সমুদ্র, জঙ্গল নদী তা বোধ হয় আর কোথাও নেই। তবে গুজরাট এসে মনে হচ্ছে এক্ষেত্রে বাংলার পরে দেশের সবচেয়ে বৈচিত্র পূর্ণ ভ্রমণ স্থল বোধ হয় গুজরাট। পৌরাণিক এবং ধর্মীয় স্থান গুলি আগেই দেখেছি। আজ গেছিলাম গির সাফারি এবং মাধবপুর সমুদ্র সৈকতে।

গির জাতীয় উদ্যান প্রকৃতিপ্রেমী ও বন্যপ্রাণীপ্রেমীদের কাছে এক স্বপ্নের ঠিকানা। গুজরাটের সৌরাষ্ট্র অঞ্চলে অবস্থিত এই অরণ্য পৃথিবীতে এশীয় সিংহের একমাত্র প্রাকৃতিক আবাসস্থল।সিংহ ছাড়াও এখানে দেখা যায় চিতাবাঘ, চিতল হরিণ, সম্বর, নীলগাই, বন্য শূকর এবং অসংখ্য প্রজাতির পাখি। ঘন বনভূমি, নদী, পাহাড়ি পরিবেশ এবং বন্যপ্রাণীর অবাধ বিচরণ গির অরণ্যকে এক অসাধারণ প্রাকৃতিক সম্পদে পরিণত করেছে।জিপ সাফারির মাধ্যমে গভীর জঙ্গলে প্রবেশ করে সিংহের স্বাভাবিক বিচরণ প্রত্যক্ষ করার অভিজ্ঞতা সত্যিই রোমাঞ্চকর। তবে যারা আমার লেখা পরে আসতে চাইবেন তাদের জানিয়ে রাখিসাফারির জন্য আগে থেকে অনুমতি এবং বুকিং নেওয়া প্রয়োজন।

অন্যদিকে পোরবন্দর জেলার কাছে অবস্থিত মাধবপুর বিচ গুজরাটের অন্যতম সুন্দর সমুদ্রসৈকত। নীল আরব সাগরের বিস্তীর্ণ জলরাশি, সোনালি বালুকাবেলা, নারকেল গাছের সারি এবং সমুদ্রের ঢেউয়ের মৃদু গর্জন এই সৈকতকে এক অনন্য সৌন্দর্য দিয়েছে। বিশেষ করে এখানকার সূর্যাস্তের দৃশ্য অত্যন্ত মনোমুগ্ধকর। শুনলাম প্রতিবছর মাধবপুর মেলাও অনুষ্ঠিত হয়।সেটাও ভবিষ্যত এ দেখার ইচ্ছে আছে। যদি আবার আসা হয়।

সব মিলিয়ে মাধবপুর বিচের শান্ত সমুদ্রসৈকত আর গির অরণ্যের রোমাঞ্চকর বন্যজীবন এবারের গুজরাট ভ্রমণকে বৈচিত্র্যময় এবিং স্মরণীয় করলো তা নিয়ে সন্দেহ নেই।

আবার অন্য কোনো সময়ে অন্য
ভ্রমণের অভিজ্ঞতা নিয়ে ফিরে আসবো। পড়তে
থাকুন। ভালো থাকুন। ধন্যবাদ।