গুজরাট ভ্রমণে পন্ডিতজি – তৃতীয় পর্ব 

5

গুজরাট ভ্রমণে পন্ডিতজি – তৃতীয় পর্ব

পন্ডিতজি ভৃগুশ্রী জাতক

 

গুজরাট ভ্রমণের তৃতীয় পর্যায়ে আজ ঘুরে দেখলাম নাগেশ্বর জ্যোতির্লিঙ্গ, দ্বারকা নগর এবং দ্বারকায় অবস্থিত রুক্মিণী দেবী মন্দির ও দ্বারকাধীশ মন্দির। যেহেতু জ্যোতির্লিঙ্গ নাগেশ্বর নিয়ে আলাদা করে আজ লিখেছি তাই এই খানে শুধু রুক্মিণী দেবী মন্দির এবং দ্বারকাধীশ মন্দির ভ্রমনের অভিজ্ঞতা আপনাদের সঙ্গে

ভাগ করে নিচ্ছি।

আরব সাগরের তীরে অবস্থিত পৌরাণিক নগরী দ্বারকার রুক্মিণী দেবী মন্দির ও দ্বারকাধীশ মন্দির শুধু দুটি ধর্মীয় স্থান নয়, এগুলি ভারতীয় পুরাণ, ঐতিহ্য ও আধ্যাত্মিক সংস্কৃতির জীবন্ত নিদর্শন।

 

পুরান মতে শ্রীকৃষ্ণের রাজকীয় আবাস হচ্ছে দ্বারকা। বর্তমানে ভ্রমণের অন্যতম প্রধান আকর্ষণ হল বিখ্যাত দ্বারকাধীশ মন্দির।ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে নিবেদিত এই মন্দির হিন্দুদের অন্যতম গুরুত্বপূর্ণ তীর্থস্থান।

 

প্রায় পাঁচতলা বিশিষ্ট এই মন্দিরের স্থাপত্য অত্যন্ত মনোমুগ্ধকর। সুউচ্চ শিখর, সূক্ষ্ম পাথরের কারুকাজ এবং প্রায় পঞ্চাশ মিটার উঁচু চূড়া মন্দিরটিকে এক রাজকীয় রূপ দিয়েছে। মন্দিরের চূড়ায় উড়তে থাকা বিশাল ধর্মীয় পতাকা ভক্তদের বিশেষ আকর্ষণ।

 

মন্দিরের গর্ভগৃহে বিরাজমান শ্রীকৃষ্ণের অপূর্ব বিগ্রহ দর্শনের জন্য প্রতিদিন দেশ-বিদেশ থেকে অসংখ্য ভক্তের সমাগম ঘটে। বিশেষ করে মঙ্গলা আরতি, শৃঙ্গার দর্শন এবং সন্ধ্যার আরতির সময় মন্দির চত্বর ভক্তিরসে মুখরিত হয়ে ওঠে।

সে অভিজ্ঞতা অনুভব করতে হয় শুধু ভাষায় ঠিক প্রকাশ করা যায়না।

 

দ্বারকাধীশ মন্দির থেকে সামান্য দূরে অবস্থিত রুক্মিণী দেবীর প্রাচীন মন্দির। রুক্মিণী দেবী ছিলেন শ্রীকৃষ্ণের পত্নী দেবী রুক্মিণীকে উৎসর্গীকৃত এই মন্দিরটির স্থাপত্যশৈলী অত্যন্ত আকর্ষণীয়। সূক্ষ্ম কারুকার্য, সুন্দর ভাস্কর্য এবং মন্দিরের দেওয়ালে খোদাই করা দেবদেবীর মূর্তি দর্শনার্থীদের মুগ্ধ করে। মন্দিরের গর্ভগৃহে দেবী রুক্মিণীর বিগ্রহ পূজিত হন।

 

ঐতিহাসিকদের মতে আসল দ্বারকা নগর শ্রী কৃষ্ণের মৃত্যুর পর সমুদ্রে বিলীন হয়ে যায়। তবে তাঁর স্মৃতি রূপে বর্তমান মন্দির এবং স্থাপত্য গুলি আজও তাঁর অগণিত ভক্তদের প্রতি মুহূর্তে তাঁর দিব্য উপস্থিত জানান দিচ্ছে।

 

শ্রী কৃষ্ণের ভূমিতে আসতে পেরে আজ মন

প্রান ভক্তি এবং শ্রদ্ধায় ভরে গেলো। ধন্য

মনে হচ্ছে নিজেকে।

 

সারাদিনের ভ্রমনের পর ক্লান্তি আসা স্বাভাবিক তাই এবার বিশ্রামের সময়।আবার ফিরে আসবো পরবর্তী পর্যায়ের ভ্রমনের অভিজ্ঞতা নিয়ে।পড়তে থাকুন।ভালো থাকুন।ধন্যবাদ।