কালী কথা – চঞ্চলা কালী 

6

কালী কথা – চঞ্চলা কালী

 

পন্ডিতজি ভৃগুশ্রী জাতক

 

বালুরঘাট শহরের প্রাচীন কালী পুজো পূজো গুলির অন্যতম চঞ্চলা কালী নিয়ে

আজকের কালী কথা।

 

প্রায় তিনশো বছর ধরে পুজো চলছে এখানে শোনা যায় কোনো এক সময়ে এখান থেকে কিছু অলৌকিক নিদর্শন খুঁজে পাওয়া গিয়েছিল। তখন স্থানীয় রাজা এই পুজোর প্রচলন করেন। রাজার মৃত্যুর পর কিছুকাল পুজো বন্ধ থাকলেও পরবর্তীতে এই এলাকার এক বাসিন্দা স্বপ্নাদেশ পেয়ে স্থানীয় জমিদারের সহযোগিতায় আবার পুজোর সূচনা করেন।দেবী এখানে

চঞ্চলা কালী নামে প্রসিদ্ধা।

 

বালুরঘাট শহরের হোসেনপুরের কাছে চকবাখর গ্রামে রয়েছে এই চঞ্চলা কালী। প্রতি বছর এখানে দোলপূর্ণিমার পরের দিন গভীর রাতে চঞ্চলা কালীর পুজো হয়।সাধারণত কালীর পায়ের নিচে শিবের দেখা মিললেও এই কালীর পায়ের নিচে অশুর রয়েছে। অন্য পায়ের নিচে আছে সিংহ। বলা হয়, মহামায়া ও চামুণ্ডার এক রূপ এই চঞ্চলা কালী মাতা।দেবীর উচ্চতা সাড়ে দশ হাত এবং চঞ্চলা কালী মাতার হাতের সংখ্যা আট।

 

চঞ্চলা কালীর মন্দিরের পাশেই রয়েছে শ্মশান কালী এবং মাশান কালীর মন্দির। মা চঞ্চলার পুজোর পরের দিন এঁরা তন্ত্র মতে ভক্তিভরে পূজিতা হন। এখানে রয়েছে একটি পুকুর। জনশ্রুতি রয়েছে এই পুকুর থেকে একসময় পূজোর কাজের জন্য থালা-বাসন ভেসে উঠত।পূজোর পর আবার সেগুলি জলাশয়ে রাখা হতো।বর্তমানে এই পুকুরের জল দিয়েই মায়ের পুজো সম্পন্ন করা হয়।

 

দেবী মন্দিরের সামনে রয়েছে নাটমন্দির যেখানে পুজোর পরে দুদিন রাতভর মঙ্গলচন্ডীর গান শোনানো হয়।প্রায় তিনশো বছরের পুরোনো এই পুজোয় শুধু দক্ষিণ দিনাজপুর জেলার নয়, বিহার, ঝাড়খণ্ড সহ প্রতিবেশী রাজ্যের ভক্তরাও আসেন।

 

আবার ফিরে আসবো আগামী পর্বে। কালী কথা নিয়ে ধারাবাহিক ভাবে উপস্থাপনা

চলতে থাকবে।পড়তে থাকুন।

ভালো থাকুন। ধন্যবাদ।